দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত

78

পাইকগাছা :

খুলনার পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে ‘দ্রুত ব্যবস্থা নিন, জীবন বাঁচান’ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আবাসিক মেডিকেল অফিসার ডা. শাকিলা আফরোজ, জুনিয়র কনসালটেন্ট ও গাইনি বিশেষজ্ঞ ডা. সুজন কুমার সরকার, মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার মণ্ডল, ডা. প্রান্ত সরকার, ডা. নয়ন কুমার সরকার ও ডা. তানভীর আহমেদ।

এ ছাড়া বক্তব্য দেন নার্সিং সুপারভাইজার হামিদা খাতুন, প্রধান সহকারী দেবব্রত সরকার, পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর আলম, জয়ন্তী, সরোয়ার হোসেন ও শাহআলম। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় সর্পদংশনে মৃত্যু ও অক্ষমতা কমাতে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ।

তিনি বলেন, দেশে সর্পদংশনের যথাযথ চিকিৎসার ব্যবস্থা রয়েছে। তাই সর্পদংশনের পর কোনো ওঝা বা ঝাড়ফুঁকের ওপর নির্ভর না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা নিতে হবে।

তিনি আরও বলেন, সর্পদংশনের ক্ষেত্রে দ্রুত ও সঠিক চিকিৎসা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে গ্রামাঞ্চলে ব্যাপক জনসচেতনতা তৈরি করা প্রয়োজন।