দৈনিক খুলনা
The news is by your side.

নির্বাচিত সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

25
জনগণের ভোটে নির্বাচিত সরকারকে সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, গণতন্ত্রে বিশ্বাস করলে নির্বাচিত সরকারকে দ্রুত সরিয়ে দেওয়ার আন্দোলনে না গিয়ে ধৈর্য ধরতে হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনডিপির চেয়ারম্যান কে এম আবু তাহের পাটোয়ারী।

আবদুস সালাম বলেন, “এক দফা দেওয়ার মতো কিছু আসেনি। গণতান্ত্রিক পথে নির্বাচনের মাধ্যমে একটি সরকার যাবে, আরেকটি সরকার আসবে—সেইটুকু ধৈর্য আমাদের থাকতে হবে।”

তিনি বলেন, দীর্ঘ আন্দোলনের পর দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন দায়িত্ব শেষ হয়ে যায়নি। গণতন্ত্র ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে সরকারকে সহযোগিতা করা প্রয়োজন।

সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচির প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিদ্যুৎ, গ্যাস ও অর্থনীতির বিভিন্ন সমস্যা নিয়ে আন্দোলনের আগে সরকারের হাতে থাকা সময়ও বিবেচনায় নেওয়া উচিত। দীর্ঘদিনের সংকট কয়েক মাসের মধ্যে পুরোপুরি সমাধান করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

আবদুস সালাম বলেন, “তারেক রহমানের হাতে তো আলাদিনের চেরাগ নেই। তিন, চার বা পাঁচ মাসের মধ্যে চেরাগে ঘষা দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে না।”

বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেল সরবরাহেও প্রভাব পড়ছে। পাশাপাশি বিদ্যুৎ খাতে দীর্ঘদিনের সমস্যাও রয়েছে। এসব সংকট সমাধানে সময় প্রয়োজন।

তিনি বলেন, একটি গাছ লাগানোর পর সেটিকে বড় হতে সময় দিতে হয়, পানি দিতে হয় এবং ফল আসা পর্যন্ত পরিচর্যা করতে হয়। একইভাবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সময় ও সহযোগিতা প্রয়োজন।

আবদুস সালাম বলেন, রাজনৈতিক দলগুলোর নিজেদের চাওয়া-পাওয়া থাকতেই পারে। তবে সবার আগে জনগণের অভাব-অভিযোগের সমাধান করতে হবে। জনগণের আস্থা ধরে রাখতে হলে তাদের জীবনযাত্রার সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোকে মনোযোগ দিতে হবে।

তিনি আরও বলেন, ২৫ কোটি গাছ লাগানো, পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধের মতো কর্মসূচি দেশের স্বার্থেই নেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলোর এসব কাজে সহযোগিতা করা উচিত।

দেশের জ্বালানি সংকট সমাধানে কূপ খননসহ সরকারের বিভিন্ন উদ্যোগে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, লংমার্চ বা সংঘাতের কর্মসূচির পরিবর্তে কীভাবে দেশের বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যায়, সে বিষয়ে কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন।

বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, “এখন সরকারকে সময় দেওয়া উচিত। পাঁচ বছর পর আবার নির্বাচন হবে। তখন জনগণ যাকে ভোট দেবে, সেই সরকারই দায়িত্ব নেবে।”

তিনি আরও বলেন, “এখন নিজেরা কামড়াকামড়ি না করে জনগণের ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করি। সময় দিই, যাতে দেশকে কাঙ্ক্ষিত পথে ফিরিয়ে আনা যায়।”

আবদুস সালাম বলেন, জনগণের কষ্ট আগে দূর করতে হবে। জাতীয় ঐক্য ধরে রেখে দেশের অর্থনীতি, বিদ্যুৎ, জ্বালানি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

।