দৈনিক খুলনা
The news is by your side.

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

29

ঢাকা :

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং আরও ৯৮১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। সোমবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে হামের উপসর্গ নিয়ে শুধু ঢাকা বিভাগেই ৫ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহ ও বরিশাল বিভাগে একজন করে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত পাঁচ মাসে সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৯১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৮১৬ জন এবং হাম আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯৮১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত মোট ১ লাখ ৪৩ হাজার ৭৭৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে ১৭ হাজার ৯৩০ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে মোট ১ লাখ ২৫ হাজার ৩৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ১ লাখ ২০ হাজার ৯১৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।