দৈনিক খুলনা
The news is by your side.

দাকোপে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর সমাপনী

21

দাকোপ :

খুলনার দাকোপে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মৎস্য পক্ষের সমাপনী আয়োজন করা হয়।

সমাপনী উপলক্ষে দুপুর ১২টায় উপজেলা জামে মসজিদ পুকুরে ব্যতিক্রমী হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ধরা হাঁস বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বোরহান উদ্দিন মিঠু।

পরে বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গত দুই দিনের বিভিন্ন কর্মসূচির বিবরণ তুলে ধরে স্বাগত বক্তব্য দেন দাকোপ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক।

স্বাগত বক্তব্যে তিনি জানান, জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী দিনে বর্ণাঢ্য র‌্যালির পর চালনা পৌরসভা লেকে পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শিশুদের অংশগ্রহণে মৎস্য বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়া চরডাঙ্গা ও তিলডাঙ্গা এলাকায় মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন বিষয়ক পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে স্থানীয় মৎস্যচাষি, মৎস্যজীবী ও মৎস্য সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। শিশুদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি মৎস্যসম্পদ সংরক্ষণে ভবিষ্যৎ প্রজন্মকে সম্পৃক্ত করার বিষয়টি অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব পায়।

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা আইসিটি কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা, পানখালী ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শহিদুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, মৎস্যচাষি এবং মৎস্য সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জাতীয় মৎস্য পক্ষের এসব কর্মসূচির মাধ্যমে দাকোপে মৎস্যসম্পদ সংরক্ষণ, টেকসই মৎস্য উৎপাদন এবং মৎস্য খাতের সঙ্গে সম্পৃক্ত জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধির বার্তা আরও জোরালো হয়েছে।