মোংলা :
“সবুজ, নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোংলায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ম্যানগ্রোভ বনায়ন, সাইকেল র্যালি ও জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচির আওতায় ‘রেইন ফর লাইফ’ প্রকল্পের উদ্যোগে মোংলার চিলা বাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলে সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে স্থানীয় তরুণদের সংগঠন ‘ক্লাইমেট ইয়ুথ গ্রুপ’ ও ‘ক্লাইমেট অ্যাকশন গ্রুপ’-এর সদস্যদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য সাইকেল র্যালি বের করা হয়। র্যালিটি চিলা বাজার থেকে শুরু হয়ে কেয়াবুনিয়া সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন এলাকায় পরিবেশ সচেতনতামূলক বার্তা পৌঁছে দেয়।
এছাড়া ঝড়-জলোচ্ছ্বাস, নদীভাঙন এবং উপকূলীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় পশুর নদীর তীরবর্তী প্রায় ৬ একর জমিতে ৩৫ হাজার ম্যানগ্রোভ চারা রোপণ করা হয়েছে। রোপণ করা চারাগুলোর মধ্যে কাঁকড়া, বাইন, কেওড়া ও পশুর প্রজাতির গাছ রয়েছে।
আয়োজকরা জানান, নবগঠিত এই ম্যানগ্রোভ বনাঞ্চলের দীর্ঘমেয়াদি সুরক্ষা, পরিচর্যা ও টেকসই ব্যবস্থাপনার জন্য ব্র্যাক, ক্লাইমেট ইয়ুথ গ্রুপ এবং ক্লাইমেট অ্যাকশন গ্রুপ যৌথভাবে কাজ করবে। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে বন সংরক্ষণ কার্যক্রমকে আরও শক্তিশালী করার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা উপকূলীয় অঞ্চলের জীবন, জীবিকা ও পরিবেশ রক্ষায় ম্যানগ্রোভ বনাঞ্চলের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, ম্যানগ্রোভ বন প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে, নদীভাঙন রোধে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নতুন বন সৃষ্টির পাশাপাশি বিদ্যমান বন রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ, পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ব্র্যাকের প্রোগ্রাম অপারেশনস ম্যানেজার প্রকাশ চন্দ্র বিশ্বাস, এরিয়া ম্যানেজার তৃপ্তি সরদারসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং ‘ক্লাইমেট অ্যাকশন গ্রুপ’ ও ‘ক্লাইমেট ইয়ুথ গ্রুপ’-এর সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রায় দুই শতাধিক মানুষ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।