দৈনিক খুলনা
The news is by your side.

জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ অধ্যাপক মোক্তার আলী এমপির

কেশবপুরের মঙ্গলকোটে খাল উদ্বোধ

13

হারুনার রশীদ বুলবুল,কেশবপুর (যশোর) প্রতিনিধি:যশোরের কেশবপুর উপজেলার ৫নং মঙ্গলকোট ইউনিয়নের ছোট ব্রিজ সংলগ্ন এলাকা থেকে বাদুড়িয়া পর্যন্ত খাল উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ ২০২৬) সকালে এ খাল উদ্বোধন করেন যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোক্তার আলী এবং কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।

 

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোক্তার আলী বলেন, এই খালটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর ভোগান্তির একটি বড় কারণ ছিল। খালটি পুনরুদ্ধার ও খননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা দূর হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। তিনি বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও কেশবপুরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, খালটি পরিষ্কার ও সচল রাখার দায়িত্ব শুধু প্রশাসনের নয়, স্থানীয় জনগণেরও। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই খালকে জীবন্ত রাখতে হবে, যাতে কৃষি ও পরিবেশ দুটোই উপকৃত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন শিবিরের সাবেক খুলনা মহানগর সভাপতি ও সাবেক কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক সাইদুর রহমান সাইদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা রিজাউল ইসলাম, উপজেলা শাখার সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি প্রভাষক তবিবুর রহমান, উপজেলা শাখার পেশাজীবী সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, কেশবপুর পৌর শাখার আমীর প্রভাষক জাকির হোসেনসহ স্থানীয় রাজনৈতিক, সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।