দৈনিক খুলনা
The news is by your side.

জলবায়ু উষ্ণতা রোধে বেশি বেশি গাছ লাগাতে হবে: মোংলায় বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা

40

মোংলা :

জলবায়ু উষ্ণতা রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন পরিবেশকর্মী ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ। তারা বলেন, অক্সিজেন সরবরাহ ও কার্বন ডাই-অক্সাইড শোষণের মাধ্যমে গাছ বায়ুমণ্ডলের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাছপালা চারপাশের পরিবেশের জন্য প্রাকৃতিক ‘এয়ার কন্ডিশনার’ হিসেবেও কাজ করে।

সোমবার সকালে মোংলার মহিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে বক্তারা এসব কথা বলেন। মোংলা নাগরিক সমাজ, আশা-বাংলাদেশের মানুষের জন্য আশা ও পশুর রিভার ওয়াটারকিপারের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা মহিলা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মো. আলী হোসেন। প্রধান অতিথির বক্তব্য দেন মোংলা নাগরিক সমাজের সভাপতি ও পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা আব্দুর রহমান। এছাড়া বক্তব্য দেন মোংলা নাগরিক সমাজের নাজমুল হক, পশুর রিভার ওয়াটারকিপারের সংগঠক জানে আলম বাবু এবং ধরা’র সংগঠক ও পরিবেশকর্মী মেহেদী হাসান।

প্রধান অতিথির বক্তব্যে মো. নূর আলম শেখ বলেন, সুন্দরবন উপকূলে ম্যানগ্রোভ বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ম্যানগ্রোভ বন উপকূলীয় এলাকার জন্য প্রাকৃতিক সুরক্ষাবলয় হিসেবে কাজ করে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের ঝুঁকি কমানোর পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ, কার্বন শোষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ম্যানগ্রোভ বন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পরিবেশকর্মী নাজমুল হক বলেন, ভারসাম্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ বজায় রাখতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তিনি বেশি বেশি বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আব্দুর রহমান বলেন, শুধু গাছ লাগালেই হবে না, নিয়মিত পরিচর্যার মাধ্যমে গাছগুলোকে বড় করে তুলতে হবে। সুন্দরবন আমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ উল্লেখ করে তিনি সুন্দরবন রক্ষায় সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, চলতি বর্ষা মৌসুমে মোংলা নাগরিক সমাজ, পশুর রিভার ওয়াটারকিপার ও আশা-বাংলাদেশের মানুষের জন্য আশা মোংলা উপজেলায় পাঁচ শতাধিক ম্যানগ্রোভসহ বিভিন্ন ফলদ ও পরিবেশবান্ধব গাছ লাগানোর কর্মসূচি হাতে নিয়েছে।