দৈনিক খুলনা
The news is by your side.

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

37

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ দিকে চার দিনের সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৬ অক্টোবর তিনি জাপানের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি জানান, মাসের শেষ দিকে প্রধানমন্ত্রীর জাপান সফরের কথা রয়েছে এবং এ বিষয়ে প্রস্তুতি চলছে। তবে তিনি কবে ঢাকা ছাড়বেন, তা নিশ্চিত করে জানাননি।

এর আগে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানান।

গত ১২ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও জাপানের সপ্তম পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভায় এ আমন্ত্রণ জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বিপক্ষীয় আলোচনার সময় জাপানের জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী হিরোয়ুকি নামাজু জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন।

একই সময়ে তিনি ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকেও জাপান সফরের আমন্ত্রণ জানান।

এর জবাবে বাংলাদেশও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছে।