দৈনিক খুলনা
The news is by your side.

চলন্ত অটোরিকশায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

36

চট্টগ্রাম :

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিকশা থেকে পড়ে মুহাম্মদ রাহাত (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ইছাখালী জাকিরাবাদ মদিনা টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুহাম্মদ রাহাত উপজেলার মরিয়মনগর পূর্ব সৈয়দবাড়ির প্রবাসী রুবেলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল তার ছেলে রাহাত ও পরিবারের সদস্যদের নিয়ে ইছাখালী আদিলপুর এলাকায় বন্ধু জাহেদের বাসায় বেড়াতে যান। পরে সেখান থেকে পরিবারের সদস্যদের নিয়ে অটোরিকশাযোগে বাড়ির উদ্দেশে রওনা হন তারা।

পথে ইছাখালী জাকিরাবাদ মদিনা টাওয়ারের সামনে পৌঁছালে শিশুটি তার মায়ের কোল থেকে সড়কে পড়ে যায়। এ সময় অটোরিকশার একটি চাকা শিশুটির বুকের ওপর দিয়ে চলে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক সায়দার জিগার পরীক্ষা-নিরীক্ষা করে জানান, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।