দৈনিক খুলনা
The news is by your side.

গ্রাম আদালতকে কার্যকর করতে সমন্বিত উদ্যোগের আহ্বান ইউএনওর

101

যশোর :

যশোরের কেশবপুরে সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর কার্যক্রমে সমন্বয় বৃদ্ধি, গ্রামীণ উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে মাসিক এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আয়োজিত সভায় উপজেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় এনজিওর কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন

সভাপতির বক্তব্যে ইউএনও রেকসোনা খাতুন বলেন, সরকারি দপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, গ্রাম আদালত, নারী ও শিশু সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা এবং জীবিকাভিত্তিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সকল এনজিওকে আন্তরিকভাবে কাজ করতে হবে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সভায় ওয়েভ ফাউন্ডেশনের উপজেলা কো-অর্ডিনেটর শংকর কুমার দাস গ্রাম আদালতের কার্যক্রম উপস্থাপন করেন। তিনি বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের জন্য দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার নিশ্চিত করার একটি কার্যকর ব্যবস্থা। এর মাধ্যমে ছোটখাটো বিরোধ স্থানীয় পর্যায়েই নিষ্পত্তি হওয়ায় আদালতের মামলার চাপ কমছে, সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে এবং সামাজিক সম্প্রীতি বজায় থাকছে। তিনি গ্রাম আদালতকে আরও কার্যকর করতে ইউনিয়ন পরিষদ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, এনজিও ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার পরিচালক মো. হারুনার রশীদ (বুলবুল)। তিনি বলেন, এনজিও সমন্বয় কমিটির নিয়মিত সভা বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, সমস্যা চিহ্নিতকরণ এবং সমন্বিত পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডকে আরও কার্যকর করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সভায় উপস্থিত ছিলেন এসো বাঁচতে শিখি, সম্মিলনী সেবা সংস্থা, মানব উন্নয়ন সংস্থা, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প, সুশীলন, স্কুল ফিড প্রকল্প, মানবসেবা ও সামাজিক সংস্থা, ব্যুরো বাংলাদেশ, সমাধান, উন্নয়ন, আর্স বাংলাদেশ, স্পিক আপ বাংলাদেশ, জীবিকা নারী উন্নয়ন সংস্থা, পল্লী অগ্রগতি সমাজকল্যাণ সংস্থা, রিইব, কপোতাক্ষ মহিলা ও যুব উন্নয়ন সংস্থা, নক্ষত্র নারী ও শিশু উন্নয়ন সংস্থা, ভোরের আলোসহ উপজেলার বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।

সভায় বক্তারা সরকারি উন্নয়ন কার্যক্রমের সঙ্গে এনজিওগুলোর সমন্বয় জোরদার, গ্রাম আদালতের কার্যক্রম সম্প্রসারণ, নারী ও শিশু অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন এবং টেকসই জীবিকা কর্মসূচিকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমেই স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।