দৈনিক খুলনা
The news is by your side.

গাজায় ২ বছর পর ১০০ লাশ উদ্ধার

30

দুই বছরেরও বেশি সময় পর গাজার ধ্বংসস্তূপের নিচ থেকে প্রায় ১০০ ফিলিস্তিনির মৃতদেহ ও দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। শনিবার গাজা সিটির জেইতুন এলাকায় এসব মৃতদেহ স্বজনদের সামনে আনা হয়।

গাজার সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা সাম্প্রতিক দিনগুলোতে ইসরাইলি হামলায় ধ্বংস হওয়া কয়েকটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে এসব মৃতদেহ উদ্ধার করেন। পরে সেগুলো গাজা সিটির ইমাম আল-শাফি মসজিদের কাছে রাখা হয়। সেখানে স্বজনেরা প্রিয়জনদের শেষবারের মতো দেখেন এবং দাফনের প্রস্তুতি নেন।

গাজার সিভিল ডিফেন্সের চলমান উদ্ধার প্রকল্পের দ্বিতীয় ধাপে গাজা সিটি, উত্তর ও মধ্য গাজার ১৪৭টি ধ্বংস হওয়া বাড়ি থেকে মৃতদেহ উদ্ধারের কাজ চলছে। এসব স্থাপনার ধ্বংসস্তূপের নিচে আনুমানিক ১ হাজার ৭২টি মৃতদেহ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ২০২৫ সালের নভেম্বরে শুরু হওয়া প্রথম ধাপে ৫৪টি ধ্বংস হওয়া বাড়ি ও স্থাপনা থেকে প্রায় ৩৩৩টি মৃতদেহ ও দেহাবশেষ উদ্ধার করা হয়েছিল। সীমিত সরঞ্জাম ও ভারী যন্ত্রপাতির সংকটে উদ্ধারকাজ ধীরগতিতে এগোচ্ছে।