বেনাপোল :
যশোরের বেনাপোল-যশোর মহাসড়কের গদখালী এলাকায় অভিযান চালিয়ে ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা মূল্যের ১৩টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৬ জুন) ভোরে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বেনাপোল বিওপির একটি টহল দল গদখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে সাহাব উদ্দিন সরদার (৪৪) নামে ওই ব্যক্তিকে আটক করে। তিনি যশোরের শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামের ইয়াসিন সরদারের ছেলে।
বিজিবি জানায়, আটক ব্যক্তির কোমরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহাব উদ্দিন জানান, তিনি ঢাকা থেকে স্বর্ণের বারগুলো বেনাপোল সীমান্ত হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া স্বর্ণের বর্তমান বাজারমূল্য ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা।
আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান (পিএসসি) বলেন, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এসব পাচার রোধে বিজিবির গোয়েন্দা ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Recover your password.
A password will be e-mailed to you.