দৈনিক খুলনা
The news is by your side.

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে মহানগর যুবদলের মাসব্যাপী কর্মসূচি

25

খুলনা :

খুলনায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি হওয়ায় ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী মশক নিধন কর্মসূচি শুরু করেছে খুলনা মহানগর যুবদল। এরই ধারাবাহিকতায় নগরীর ১০ নম্বর ওয়ার্ডে ফগার মেশিন ও লার্ভিসাইড স্প্রের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টায় খালিশপুর থানার অন্তর্গত ১০ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে খালিশপুর নয়াবাটি মোড় থেকে এ কার্যক্রম শুরু হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন। বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আজিজ সুমন বলেন, খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। ডেঙ্গুর বিস্তার রোধে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে রবিউল ইসলাম রুবেলসহ নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গু প্রতিরোধে দ্রুত ও কার্যকর মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। নগরবাসীর সহযোগিতায় সমন্বিতভাবে কাজ করলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

এ সময় খুলনা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, আমিন আহমেদ মিঠু, নাসিম আহমেদ ইমন ও অ্যাডভোকেট বজলুর রহমান রাজাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে নেতৃত্ব দেন ১০ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান সাগর ও সদস্য সচিব ইউনুস শিকদার।

আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার বিস্তার নিয়ন্ত্রণ এবং নগরবাসীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে খুলনা মহানগর যুবদলের মাসব্যাপী মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকবে।