খুলনা :
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) অত্যাধুনিক ফেব্রিকেশন ল্যাবরেটরি (ফ্যাব ল্যাব) স্থাপনের লক্ষ্যে সোমবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলার সিনেট রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ফ্যাব ল্যাবের গুরুত্ব, প্রয়োজনীয় যন্ত্রপাতি, অবকাঠামো, জনবল এবং বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, ফ্যাব ল্যাব একটি বিশেষায়িত গবেষণাগার, যা উদ্ভাবন, সৃজনশীল নকশা (ক্রিয়েটিভ ডিজাইন), প্রোটোটাইপ তৈরিসহ বিভিন্ন গবেষণা ও প্রযুক্তিনির্ভর কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে এ গবেষণাগার প্রতিষ্ঠা করা হবে, যাতে সব ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীরা সমানভাবে এটি ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিগত সক্ষমতা আরও সমৃদ্ধ হবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান বলেন, উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরেই ফ্যাব ল্যাব চালু রয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে এ ধরনের গবেষণাগার প্রতিষ্ঠিত হলে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম আরও গতিশীল হবে।
ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী বলেন, ফ্যাব ল্যাব প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সক্ষমতা বৃদ্ধি পাবে এবং নতুন নতুন উদ্ভাবনী ধারণা বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হবে।
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস. এম. মাহবুবুর রহমানের সঞ্চালনায় সভায় বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ এবং কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালকবৃন্দ অংশগ্রহণ করেন।