খুলনা :
খুলনা নগরীর খালিশপুরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১০০ দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকেল ৪টায় খালিশপুরের বৈকালী কাজী আব্দুল বারী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) সংরক্ষিত আসন-০৫-এর কাউন্সিলর পদপ্রার্থী মিসেস মনির সার্বিক সহযোগিতায় এবং নাহিয়ান ফাউন্ডেশন ইউএসের চেয়ারম্যান শায়লা আজীমের মানবিক সহায়তায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও নাহিয়ান যুব ও মহিলা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি শারমিন খান, সাধারণ সম্পাদক সিমা খান, সাংগঠনিক সম্পাদক ফারজানা ইয়াছমিন, আইরিন আরা, অরুণ সরকার, ফরিদা বেগমসহ অন্যান্যরা।
খাদ্য সহায়তা বিতরণকালে কাউন্সিলর পদপ্রার্থী মিসেস মনি জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের দুঃখ-কষ্টে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ও কর্মসংস্থান ব্যাহত হচ্ছে। দুর্গত মানুষের সাময়িক কষ্ট লাঘবের লক্ষ্যে ১০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, শুধু ত্রাণ বা খাদ্য সহায়তা বিতরণ করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। এলাকার ড্রেনেজ ব্যবস্থা ত্রুটিমুক্ত করা এবং দ্রুত পানি নিষ্কাশনের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
এ সময় তিনি জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের দুর্ভোগ লাঘবে স্থায়ী সমাধানের দাবি জানান।
খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।