কেশবপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৪৮ কোটি ৯০ লাখ টাকার বাজেট ঘোষণা
স্বাস্থ্য ও পয়নিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, উন্নয়ন কর্মকাণ্ডে নতুন আশার বার্তা
কেশবপুর (যশোর) প্রতিনিধি :যশোরের কেশবপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪৮ কোটি ৯০ লাখ ৭০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোছাঃ রেকসোনা খাতুন আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।
বাজেট ঘোষণাকালে পৌর এলাকার নাগরিক সুবিধা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, আধুনিক পয়নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানানো হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোছাঃ রেকসোনা খাতুন বলেন,জনগণের প্রত্যাশা ও নাগরিক সেবার মান উন্নয়নের লক্ষ্যে বাস্তবসম্মত ও জনবান্ধব বাজেট প্রণয়ন করা হয়েছে। বিশেষ করে স্বাস্থ্যসেবা ও পয়নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে এবারের বাজেটে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গঠনে কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন,সরকারি বরাদ্দের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থায়নের মাধ্যমে পৌর এলাকার রাস্তা, ড্রেনেজ, আলো ও নাগরিক সুযোগ-সুবিধা সম্প্রসারণ করা হবে। জনগণের সহযোগিতা থাকলে এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে কেশবপুর পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তর করা সম্ভব হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মেসকাতুল ইসলাম। তিনি বলেন, উন্নয়ন তখনই টেকসই হয় যখন তা মানুষের মৌলিক চাহিদার সঙ্গে সম্পৃক্ত থাকে। এবারের বাজেটে স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও নাগরিক সুবিধার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ায় সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবে।
পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবুল ফজল মোঃ ইনামুল হক বলেন নাগরিকদের কর প্রদানে সচেতনতা বাড়লে পৌরসভার নিজস্ব আয়ও বৃদ্ধি পাবে, যা ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোছাঃ রোকসানা খাতুন, বলেন,সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করে বাজেট বাস্তবায়নে পৌর কর্তৃপক্ষ কাজ করবে। নাগরিকদের কর প্রদানে সচেতনতা বাড়লে পৌরসভার নিজস্ব আয়ও বৃদ্ধি পাবে, যা ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে।
ঘোষিত বাজেট অনুযায়ী, রাজস্ব আয় থেকে ৯ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকা পাওয়া যাবে। এছাড়া এডিপি থেকে ১ কোটি ৫৬ লাখ টাকা, কোভিড-১৯ খাত থেকে ৩ কোটি টাকা এবং আইইউজিনাইপি প্রকল্প থেকে ৩৫ কোটি টাকা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।
বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৩৮ কোটি ৮৬ লাখ ১ হাজার টাকা এবং উদ্বৃত্ত থাকবে ৯৯ লাখ ৯০ হাজার টাকা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন , উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের আমির সাইদুর রহমান সাইদ, পৌর জামায়তের আমির প্রভাষক মোঃ জাকির হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর সিদ্দিকী, প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ওয়াজেদ খান ডবলু এবং নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক হারুনার রশীদ বুলবুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয় সচেতন মহল মনে করছে, পরিকল্পিতভাবে বাজেট বাস্তবায়ন করা গেলে কেশবপুর পৌরসভায় নাগরিক সেবার মান আরও বৃদ্ধি পাবে এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।