কেশবপুরে আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. আরাফাত হোসেন (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে কেশবপুর খাদ্য গুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরাফাত হোসেন ইসলামিক ফাউন্ডেশন কেশবপুর উপজেলা কার্যালয়ের কেয়ারটেকার মো. রুস্তম আলী খানের বড় ছেলে। তিনি এইচএসসি পরীক্ষায় অংশ নিতে মোটরসাইকেলযোগে কেশবপুরে আসছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে খাদ্য গুদামের সামনে পৌঁছালে একটি আলমসাধুর সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে ডুমুরিয়া এলাকায় তার মৃত্যু হয়।
আরাফাতের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।