কেশবপুর :
শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন এবং বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার প্রত্যয়ে যশোরের কেশবপুরে বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় কেশবপুরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া, সংগঠনের সামাজিক ও মানবিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম, কেশবপুরের সভাপতি ও সিনিয়র শিক্ষক মো. আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. নাজমুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো. আব্দুর রাজ্জাক, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু তালেব, কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মো. আশরাফুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির সুমন এবং সাধারণ সম্পাদক মো. হারুনার রশীদ বুলবুল।
এ সময় বক্তব্য দেন বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান টুলু, সাংগঠনিক সম্পাদক মহাদেব আঢ্য ও নির্বাহী সদস্য আব্দুল কুদ্দুস।
এছাড়া উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সভাপতি প্রভাষক মো. আবু হাসান, মাধ্যমিক পর্যায়ের সভাপতি মো. সিরাজুল ইসলাম, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান, সিনিয়র শিক্ষক মো. মতিয়ার রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।
বক্তারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন সুযোগ-সুবিধা ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন। পেশাগত মর্যাদা, আর্থিক নিরাপত্তা ও ন্যায্য দাবি বাস্তবায়নে শিক্ষক-কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা ফোরামের সামাজিক ও মানবিক কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতে শিক্ষক-কর্মচারীদের কল্যাণে সংগঠনটির কার্যক্রম আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে মো. আব্দুস সালাম বলেন, শিক্ষক-কর্মচারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়নেও ফোরাম দায়িত্বশীল ভূমিকা পালন করতে চায়। ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আয়োজকরা জানান, প্রতিষ্ঠার পর থেকে বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম, কেশবপুর শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি তুলে ধরার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের মধ্য দিয়ে সংগঠনের আগামী দিনের কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।