দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে পাটা বাঁধ অপসারণ, জলাবদ্ধতা থেকে রক্ষা পেল ৬০০ বিঘা জমির ধান

44

কেশবপুর :

যশোরের কেশবপুরে দুটি পাটা বাঁধ অপসারণ করে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দেওয়ায় জলাবদ্ধতা থেকে রক্ষা পেয়েছে প্রায় ৫৫০ থেকে ৬০০ বিঘা জমির ধান। একই অভিযানে পদ্মবিল ও মার্সিনা বিল থেকে প্রায় ৪ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার ১০ নম্বর সাতবাড়িয়া ইউনিয়নের পদ্মবিলে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, পদ্মবিল ও মার্সিনা বিলের মধ্যবর্তী সংযোগস্থলে দুটি পাটা বাঁধ ও জাল দিয়ে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করে রাখা হয়েছিল। এতে পদ্মবিলের বিস্তীর্ণ এলাকার প্রায় ৫৫০ থেকে ৬০০ বিঘা জমির ধান জলাবদ্ধতার কারণে পানিতে ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেনের নির্দেশনায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে অভিযান চালানো হয়। অভিযানে দুটি পাটা বাঁধ অপসারণ করে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দেওয়া হয়। এতে ফসলি জমিতে জমে থাকা পানি নিষ্কাশনের সুযোগ তৈরি হয় এবং ধান জলাবদ্ধতার ক্ষতি থেকে রক্ষা পায়।

অভিযানকালে পদ্মবিল ও মার্সিনা বিলের প্রায় আটটি স্থান থেকে আনুমানিক ৪ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মিয়াজান আলী, ভাল্লুকঘর পুলিশ ফাঁড়ির এএসআই নারদ কুমার বিশ্বাস, ভিডিপি দলনেতা মো. আলী হোসেন, দলনেতা তালিব হোসাইন, আনসার কমান্ডার মো. ইয়াসিন আলী, দলনেতা শেখ রাজিকুল ইসলাম ও মো. আমানত আলী গাজী।

অভিযানের মাধ্যমে একদিকে কৃষিজমির জলাবদ্ধতা নিরসনে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা হয়েছে, অন্যদিকে অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংসের মধ্য দিয়ে মৎস্যসম্পদ রক্ষায়ও পদক্ষেপ নেওয়া হয়েছে।