যশোর :
যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উৎসবমুখর পরিবেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ জুন) সকালে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন।
উদ্বোধনের পর তিনি শিশুদের হাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল তুলে দেন এবং ক্যাম্পেইনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সমরেশ কুমার দত্ত, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।
পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ ক্যাম্পেইনের বিভিন্ন বুথ পরিদর্শন করে শিশুদের সুষ্ঠুভাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম তদারকি করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রেকসোনা খাতুন বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শিশুদের সুস্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। ভিটামিন ‘এ’ শিশুদের দৃষ্টিশক্তি রক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, নির্ধারিত বয়সের প্রতিটি শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে। সরকারের এ জনকল্যাণমূলক কর্মসূচি সফল করতে স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, “কোনো শিশুই যেন এই সেবা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। সচেতন অভিভাবকরাই একটি সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে পারেন।”
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে নির্ধারিত বয়সী শিশুদের বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। শিশু মৃত্যুহার হ্রাস, অপুষ্টি দূরীকরণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকার নিয়মিতভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।