যশোর :
“কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মাসব্যাপী গ্রাহকসেবা কার্যক্রমের সমাপনী উপলক্ষে কেশবপুর শাখায় গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কেশবপুর শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) সেলিম চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেশবপুর নিউজ ক্লাব ও কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতির সভাপতি মো. আশরাফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম, কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মো. হারুনার রশীদ বুলবুল, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. বুলবুল কুদ্দুস এবং ইসলামী ব্যাংক কেশবপুর শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এফএভিপি) আব্দুল ওয়াদুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র অফিসার মো. মাজহারুল ইসলাম।
সভাপতির বক্তব্যে সেলিম চৌধুরী বলেন, ইসলামী ব্যাংক সবসময় গ্রাহকবান্ধব ও কল্যাণমুখী ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কাজ করছে। আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার পাশাপাশি নিরাপদ, সহজ ও দ্রুত লেনদেন নিশ্চিত করতে ব্যাংক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি প্রবাসীদের বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়ে বলেন, এতে ব্যক্তি, পরিবার ও দেশের অর্থনীতি সমানভাবে উপকৃত হয়।
তিনি আরও জানান, ১ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত MTDRA, MSB, MMPDS এবং MSSA হিসাব প্রি-ম্যাচিউর অবস্থায় বন্ধ বা নগদায়নের ফলে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট হিসাব পুনরায় চালু করলে ব্যাংক সব ধরনের চার্জ ও খরচ মওকুফ করবে এবং হিসাবগুলোকে চলমান হিসাব হিসেবে গণ্য করবে।
প্রধান অতিথি মো. আশরাফুজ্জামান বলেন, গ্রাহকসেবার মানোন্নয়ন ও জনবান্ধব ব্যাংকিং কার্যক্রম দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইসলামী ব্যাংকের এ ধরনের উদ্যোগ গ্রাহকদের আস্থা আরও সুদৃঢ় করবে।
বিশেষ অতিথি মো. হারুনার রশীদ বুলবুল বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও গ্রাহককেন্দ্রিক সেবাই একটি ব্যাংকের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি করে। গ্রাহকসেবা মাসের মতো উদ্যোগ আধুনিক ব্যাংকিং সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সহায়ক হবে। তিনি প্রবাসী আয় বৈধ ব্যাংকিং চ্যানেলে পাঠাতে সবাইকে উদ্বুদ্ধ করার পাশাপাশি এ বিষয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত গ্রাহকরা ব্যাংকের বিভিন্ন সেবা নিয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন। ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের মতামতকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতেও আরও উন্নত, দ্রুত ও কল্যাণমুখী সেবা প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।