দৈনিক খুলনা
The news is by your side.

কেডিএর উন্নয়ন প্রকল্প খুলনার ভবিষ্যৎ বদলে দেবে: এমপি ফাহমিদা হক

31

খুলনার বর্ধিত জনসংখ্যার চাপ মোকাবিলা এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) যে আবাসন, বাণিজ্যিক কমপ্লেক্স, কমিউনিটি সেন্টার ও সংযোগ সড়ক নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে, তা ভবিষ্যতে খুলনার নগরচিত্র বদলে দেবে বলে মন্তব্য করেছেন খুলনা-২ ও ৬ আসনের সংরক্ষিত সংসদ সদস্য ফাহমিদা হক।

মঙ্গলবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কেডিএর সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে কেডিএ ভবনে পৌঁছালে চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনার নেতৃত্বে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে সম্মেলন কক্ষে কেডিএর গৃহীত বিভিন্ন প্রকল্পের ভিজ্যুয়াল উপস্থাপনা প্রদর্শন করা হয়।

সংসদ সদস্য ফাহমিদা হক বলেন, নগরীর যানজট নিরসন এবং এক প্রান্তের সঙ্গে অন্য প্রান্তের যোগাযোগ সহজ করতে ওভারপাস ও প্রশস্ত সড়ক নির্মাণের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী উন্নয়নমূলক কাজের গুণগত মানের সঙ্গে কোনো আপস করা যাবে না। অনিয়ম ও দুর্নীতিমুক্তভাবে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে, যাতে নগরবাসীকে দীর্ঘদিন দুর্ভোগ পোহাতে না হয়। প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে বৈষম্যহীন উন্নয়ন নিশ্চিত হবে এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। অবহেলিত খুলনা অঞ্চলের মানুষের কণ্ঠস্বর হিসেবে জাতীয় সংসদে তাদের দাবি-দাওয়া তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, খুলনার উন্নয়নে কেডিএ যে পরিকল্পনাগুলো নিয়েছে বা ভবিষ্যতে নেবে, সেগুলো বাস্তবায়নে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন। একই সঙ্গে খুলনার উন্নয়ন-সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়গুলো সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন বলেও জানান।

কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বোর্ড সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন সংসদ সদস্য।

সভায় উপস্থিত ছিলেন কেডিএর সদস্য (এস্টেট) মো. ইকবাল হোসেন, সদস্য (প্রশাসন ও অর্থ) এমএম মাহমুদুর রহমান, সদস্য (উন্নয়ন) রুহুল আমিন কুতুবুদ্দিন আহমাদ, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) কাজী মো. সাবিরুল আলম, পরিচালক (এস্টেট) ড. জাকিয়া সুলতানা, অথরাইজড অফিসার (চলতি দায়িত্ব) জিএম মাসুদুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. মজিবুর রহমান, প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা এমএম হোসেন আলী, সিনিয়র বৈষয়িক কর্মকর্তা মো. আব্দুল্লাহ কবি সাদ, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) মো. আরমান হোসেন, উপ-পরিচালক মো. মামুনুল আবেদীন, উপ-পরিচালক মো. ইজাদুর রহমান, অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সাঈদুল হক, উপ-পরিচালক (প্রশাসন) মো. সাইফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মোরতোজা আল মামুন, নির্বাহী প্রকৌশলী (রক্ষণাবেক্ষণ) মুনতাসির মামুন, পরিকল্পনা কর্মকর্তা (চলতি দায়িত্ব) আবু সাঈদ, সহকারী প্রোগ্রামার ও সহকারী পরিচালক (প্রশাসন) মো. নাজমুল হুদাসহ কেডিএর অন্যান্য কর্মকর্তারা।