দৈনিক খুলনা
The news is by your side.

কুয়েটে শিক্ষার্থীদের আবাসন ও নিরাপত্তা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

29

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর শিক্ষার্থীদের আবাসন, নিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। সভায় শিক্ষার্থীদের নিরাপদ ও সহায়ক আবাসিক পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, স্থানীয় প্রশাসন এবং বাড়ির মালিকদের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা, আবাসন সুবিধা এবং কল্যাণ নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডীন ও নিরাপত্তা কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঞা এবং পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মো. হাসান আলী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আশপাশের ফুলবাড়ীগেট, খানাবাড়ী, তেলিগাতী, মহেশ্বরপাশা ও যোগীপোল এলাকার শিক্ষার্থীদের আবাসনের জন্য ভাড়া প্রদানকারী বাড়ির মালিকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, খানজাহান আলী, দৌলতপুর ও আড়ংঘাটা থানার অফিসার ইন-চার্জগণ এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও প্রশাসনিক কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

সভায় শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ, বিশ্ববিদ্যালয় ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় জোরদার করা, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় উপস্থিত বাড়ির মালিক ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা শিক্ষার্থীদের নিরাপত্তা ও কল্যাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতেও শিক্ষার্থীবান্ধব পরিবেশ বজায় রাখতে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে অংশগ্রহণকারীরা শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ, নিরাপত্তা ও আবাসন-সংক্রান্ত সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।