পাটকেলঘাটা :
সাতক্ষীরার তালা উপজেলার কাদের বক্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ছাগল এবং ক্ষুদ্র ব্যবসার জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) বিকেল ৫টায় মির্জাপুর বাজারে ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. আলাউদ্দিন মল্লিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সেক্রেটারি মাওলানা জাকির হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জতউল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী, ভিডিএফের জেলা সভাপতি ডা. আফতাব উদ্দীন, তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহ, সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, পাটকেলঘাটা প্রেসক্লাবের সহ-সভাপতি নাজমুল হক খান, কুমিরা ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার বকুল, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা মশারাফ হোসেন, ছাত্রনেতা জুবায়ের, সমাজসেবক আল মামুন, ডা. আবু হোসেন, মতিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. ইজ্জতউল্লাহ বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সামর্থ্যবান মানুষের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। যাকাতভিত্তিক অর্থনীতি বাস্তবায়িত হলে সমাজে দারিদ্র্য অনেকাংশে কমে আসবে। তিনি সমাজের বিত্তবানদের মানবকল্যাণমূলক কাজে আরও বেশি এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি আরও বলেন, দরিদ্র মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হলে তাদের হাতে টেকসই সহায়তা পৌঁছে দিতে হবে। এ ধরনের উদ্যোগ সমাজে অর্থনৈতিক বৈষম্য কমাতে এবং স্বাবলম্বী জনগোষ্ঠী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ১০ জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে একটি করে ছাগল বিতরণ করা হয়। পাশাপাশি চায়ের দোকান স্থাপনের জন্য কামরুল ইসলাম নামে একজনকে ২৫ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
ছাগলপ্রাপ্ত উপকারভোগীরা হলেন— মো. আব্দুল মজিদ (বারাত), মোসা. সাজেদা বেগম (বারাত), ফাতেমা বেগম (কুমিরা), আছিয়া বেগম (মদনপুর), শিরিনা বেগম (ভাগবা), মফিজুর রহমান (সেনপুর), সিদ্দিকুর রহমান (সেনপুর), শেখ আব্দুল্লাহ, নিসার আলী (নোয়াকাটি) এবং জামাল উদ্দিন।
অনুষ্ঠান শেষে উপকারভোগীরা কাদের বক্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।