দৈনিক খুলনা
The news is by your side.

কয়রায় প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

19

 কয়রা :

প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমানো, পরিবেশ দূষণ রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনার কয়রায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় উপজেলার ২ নম্বর কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের ইকো প্রকল্পের সহযোগিতায় এবং ইয়ুথ ফর সুন্দরবন কয়রার বাস্তবায়নে সভাটির আয়োজন করা হয়।

ইয়ুথ ফর সুন্দরবন কয়রার সভাপতি নিরপদ মুন্ডার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাসেল আহমেদের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, প্লাস্টিক ও পলিথিনের অবাধ ব্যবহার পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে প্লাস্টিক বর্জ্য নদী-খাল ও জলাশয়ে গিয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। এ দূষণ রোধে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সামাজিকভাবে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় বক্তব্য দেন কয়রা কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ.ব.ম. আব্দুল মালেক, সাংবাদিক সদর উদ্দীন আহমেদ, রিয়াছাদ আলী, মধ্যবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর, আইসিডির প্রতিষ্ঠাতা মো. আশিকুজ্জামান, রূপান্তরের অনুপ রায়, ইয়ুথ ফর সুন্দরবনের আশিকুজ্জামান, ফরহাদ হোসেন, সবুজ, সুব্রতসহ সংগঠনের সদস্য ও স্থানীয় অংশীজনরা।

বক্তারা প্লাস্টিক-পলিথিনের ব্যবহার কমিয়ে বিকল্প পণ্যের ব্যবহার বাড়ানো, বাজার ও জনবহুল এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা জোরদার, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিহার এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও তরুণদের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় প্লাস্টিক দূষণ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে গৃহীত বিভিন্ন উদ্যোগ, সাফল্য ও অভিজ্ঞতা তুলে ধরা হয়। পাশাপাশি ভবিষ্যতে সম্মিলিতভাবে পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।