দৈনিক খুলনা
The news is by your side.

এয়ারএশিয়ার সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহ

6

মালয়েশিয়া সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানেরএর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশিয়ার অন্যতম শীর্ষ বিমান পরিবহন প্রতিষ্ঠান এয়ার এশিয়া এর গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বো লিংগাম।

সোমবার (২২ জুন) স্থানীয় সময় বিকেল ৩টা ১০ মিনিটে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর-এর ঐতিহ্যবাহী ও বিলাসবহুল শাংগ্রি-লা হোটেলে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন খাতের উন্নয়ন, বিমানবন্দর অবকাঠামোর আধুনিকায়ন, আঞ্চলিক ও আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধি এবং সম্ভাব্য বিদেশি বিনিয়োগের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে এয়ারএশিয়ার পক্ষ থেকে বাংলাদেশের দ্রুত বিকাশমান এভিয়েশন বাজারে কার্যক্রম সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধির ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করা হয়। বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান, ক্রমবর্ধমান যাত্রীচাহিদা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাবাহিকতাকে সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের বিমান পরিবহন খাতের আধুনিকায়ন ও আন্তর্জাতিক মানোন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধার বিষয় তুলে ধরেন।

মালয়েশিয়া সফরকালে কুয়ালালামপুরে অবস্থানকালে আন্তর্জাতিক বিভিন্ন ব্যবসায়িক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গেও ধারাবাহিকভাবে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর, কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামো উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।

বিশ্লেষকদের মতে, মালয়েশিয়া সফরের অংশ হিসেবে শীর্ষ করপোরেট নেতাদের সঙ্গে এসব বৈঠক বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতি জোরদার এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।