খুলনা:
দুর্যোগপ্রবণ উপকূলীয় অঞ্চলের সুরক্ষা ও উন্নয়নে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ নিশ্চিতের দাবি জানিয়েছেন পরিবেশ ও নাগরিক আন্দোলনের নেতারা।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ড্রিম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডিআরডিএফ) ও সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানানো হয়।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙন ও ঘূর্ণিঝড়ের কারণে উপকূলীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় টেকসই বেড়িবাঁধ, সুপেয় পানির ব্যবস্থা, নিরাপদ আশ্রয়কেন্দ্র এবং জেলে-কৃষকদের সুরক্ষায় বিশেষ বাজেট বরাদ্দ প্রয়োজন।
সমাবেশে ২১ দফা দাবি তুলে ধরে উপকূলীয় অঞ্চলকে জলবায়ু ও দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা, পরিবেশবান্ধব উন্নয়ন এবং মৎস্যসম্পদ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।