দৈনিক খুলনা
The news is by your side.

“আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে সীতাকুণ্ডে মহাসড়ক অবরোধ”

106

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায়ের প্রতিবাদে সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৩টা থেকে উপজেলার ছোট দারোগারহাট এলাকায় বিক্ষোভকারীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেন।

এর আগে সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ আসলাম চৌধুরীর প্রার্থিতা অবৈধ ঘোষণা করে তা বাতিলের চূড়ান্ত রায় দেন।

রায়ের খবর এলাকায় পৌঁছালে তার অনুসারীরা মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

এদিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানান আসলাম চৌধুরী। তিনি দাবি করেন, অ্যাটর্নি জেনারেলের বক্তব্য অনুযায়ী ওই আসনে পুনর্নির্বাচন হলে তার প্রার্থিতায় কোনো আইনি বাধা থাকবে না।

বিএনপির কয়েকজন নেতা বলেন, আসলাম চৌধুরী দলের দুর্দিনের ত্যাগী নেতা এবং জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। তারা তার প্রার্থিতা বাতিলের রায়ের প্রতিবাদ জানিয়ে দ্রুত তার সংসদ সদস্য পদ পুনর্বহালের দাবি জানান।

I prefer this response