দৈনিক খুলনা
The news is by your side.

আগস্টের শেষেই খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার: তথ্য উপদেষ্টা

21

আগস্টের শেষ সপ্তাহে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অনুষ্ঠেয় দ্বিপক্ষীয় বৈঠকের পর দেশটির শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, আগামী দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে সব খাতের শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার সুযোগ তৈরি হয়েছে। অতীতে বিভিন্ন অনিয়ম ও হয়রানির কারণে শ্রমিকদের যে ভোগান্তি হয়েছে, তা দূর করেই সরকার কর্মী পাঠাতে চায়।

তিনি বলেন, সরকার স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ার মাধ্যমে বিদেশে কর্মী পাঠানোর ওপর গুরুত্ব দিচ্ছে, যাতে শ্রমিকরা হয়রানির শিকার না হন এবং বৈধ উপায়ে কর্মসংস্থানের সুযোগ পান।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কার্যক্রম প্রসঙ্গে তথ্য উপদেষ্টা জানান, ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে পরমাণু আইসোটোপ প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ চলছে। বিশেষ করে উপকূলীয় এলাকায় ভারী খনিজ ও অন্যান্য মূল্যবান খনিজ সম্পদের সম্ভাবনা চিহ্নিত ও অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, জাতীয় ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচির মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে তিনি জানান, চলতি সপ্তাহে পরিবেশদূষণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৮১টি মামলা দায়ের করা হয়েছে। এসব অভিযানে মোট ৪ লাখ ৯২ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি বন্যপ্রাণী ও বনজ সম্পদ উদ্ধারের অভিযানও অব্যাহত রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, পুলিশ, র‌্যাব ও কোস্টগার্ড নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করছে। সম্প্রতি এক নাগরিকের নিখোঁজ হওয়ার ঘটনায় কোস্টগার্ড জানিয়েছে, ওই ব্যক্তিকে তারা কখনো আটক বা হেফাজতে নেয়নি। বাহিনীর অভ্যন্তরীণ অনুসন্ধানেও এ ঘটনায় কোস্টগার্ডের সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি।