দৈনিক খুলনা
The news is by your side.

আইটিইই পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অসাধারণ সাফল্য

30

খুলনা :

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন (আইটিইই)’-এ অসাধারণ সাফল্য অর্জন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। গত এপ্রিলে অনুষ্ঠিত পরীক্ষায় বাংলাদেশসহ আইটিপিইসি সদস্যভুক্ত দেশগুলোর সম্মিলিত ফলাফলে শীর্ষস্থান দখল করে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের শিক্ষার্থীরা।

এবারের পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সিএসই ডিসিপ্লিনের ২১ জন এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনের ২ জনসহ মোট ২৩ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ১০ জন শিক্ষার্থী পূর্ণাঙ্গভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

আইটিপিইসি সদস্যভুক্ত দেশগুলোর পরীক্ষার্থীদের সম্মিলিত ফলাফলে খুলনা বিশ্ববিদ্যালয়ের সিএসই ডিসিপ্লিনের শিক্ষার্থী মুকেশ কুমার মণ্ডল ও মো. নাজমুল হুদা লাবিব যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছেন। এছাড়া অদিতি দেবনাথ তৃতীয় স্থান অর্জন করে আন্তর্জাতিক পর্যায়ে ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’-এর জন্য নির্বাচিত হয়েছেন।

পূর্ণাঙ্গভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের জাতীয় ফলাফলেও খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাপট দেখা গেছে। জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী দুইজন, তৃতীয় স্থান অর্জনকারী দুইজনসহ প্রথম পাঁচটি অবস্থানের সাতজনই খুলনা বিশ্ববিদ্যালয়ের সিএসই ডিসিপ্লিনের শিক্ষার্থী।

এদিকে আন্তর্জাতিক পর্যায়ে ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’-এর জন্য নির্বাচিত শিক্ষার্থীরা সোমবার (১০ আগস্ট) দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপাচার্য কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদের সাফল্যের ধারাবাহিকতা কামনা করেন।

সাক্ষাৎকালে সিএসই ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. এস এম রফিজুল হক, ইনোভেশন হাবের পরিচালক প্রফেসর ড. জি এম আতিকুর রহমান, সহকারী অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম ও সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের সিএসই ডিসিপ্লিনে আয়োজিত ৬০ ঘণ্টাব্যাপী আইটিইই প্রশিক্ষণ কর্মসূচি। বাংলাদেশ সরকারের উদ্যোগে এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) আয়োজনে পরিচালিত এ প্রশিক্ষণে আইটিইই পরীক্ষায় অংশগ্রহণকারী খুলনা বিশ্ববিদ্যালয়ের সিএসই ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশ নেন।

প্রশিক্ষণে আইটিইই পরীক্ষার সিলেবাসভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, সমস্যা সমাধানের কৌশল, তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত জ্ঞান এবং পরীক্ষার প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

শিক্ষকরা মনে করেন, শিক্ষার্থীদের মেধা, কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন ও পরিকল্পিত প্রশিক্ষণের সমন্বিত ফল হিসেবেই এ অসাধারণ সাফল্য এসেছে। একই সঙ্গে এই অর্জন আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি শিক্ষার্থীদের সক্ষমতারও উজ্জ্বল দৃষ্টান্ত।

সংশ্লিষ্টদের আশা, আইটিইই পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয়ের এই সাফল্য শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের তথ্যপ্রযুক্তি পেশাজীবী হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।