দৈনিক খুলনা
The news is by your side.

সাতক্ষীরায় ২৮ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, লক্ষ্য আড়াই লাখের বেশি শিশু

26

সাতক্ষীরা :
আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরায় মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৩টায় সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্যাম্পেইনের সার্বিক প্রস্তুতি ও কর্মপরিকল্পনা তুলে ধরেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুস সালাম।

এ সময় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সংক্রান্ত মাল্টিমিডিয়া উপস্থাপনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. এসমত জাহান সুমনা। জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকারসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. আব্দুস সালাম বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের অন্ধত্ব প্রতিরোধের পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে মৃত্যুঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিশুদের পুষ্টি নিশ্চিত করতে মায়ের দুধ ও রঙিন শাকসবজি খাওয়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।

তিনি জানান, জেলার ৭টি উপজেলা ও ২টি পৌরসভায় মোট ১ হাজার ৯৩৮টি কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এবার জেলায় মোট ২ লাখ ৫৩ হাজার ৭২৩ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৭ হাজার ৯২১ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২৫ হাজার ৮০২ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হবে।

মোট কেন্দ্রের মধ্যে ১৫টি স্থায়ী কেন্দ্র, ১ হাজার ৯১২টি আউটরিচ কেন্দ্র, ১১টি অতিরিক্ত কেন্দ্র এবং দুর্গম এলাকায় ৩৩৬টি কেন্দ্র থাকবে। কর্মসূচি বাস্তবায়নে ৯০৫ জন সরকারি স্বাস্থ্যকর্মী ও ৩ হাজার ৮৭৮ জন স্বেচ্ছাসেবী ও বেসরকারি কর্মী দায়িত্ব পালন করবেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সুন্দরবন উপকূলীয় ও দুর্গম চরাঞ্চলের শিশুদের অন্তর্ভুক্ত করে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।