দৈনিক খুলনা
The news is by your side.

সাতক্ষীরায় পিআইবির প্রশিক্ষণ শেষ, গুজব-অপপ্রচার রুখতে সাংবাদিকদের অঙ্গীকার

23

সাতক্ষীরা :
সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের জন্য আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (২৫ জুন)।

সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. হাবিবুল ইসলাম হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে অপতথ্য ও গুজব মোকাবিলায় ফ্যাক্ট চেকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাঈদ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মো. আবুল কাশেম ও সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান। এছাড়া বরেণ্য সাংবাদিক সাইদুর রহমান, জুলহাস কবীরসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে সাহানোয়ার সাঈদ শাহীন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মাল্টিমিডিয়া প্রযুক্তি সাংবাদিকতার ধরণ বদলে দিচ্ছে। মফস্বলের সাংবাদিকদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তুলতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

তিন দিনব্যাপী এ কর্মশালায় সাতক্ষীরা প্রেসক্লাব ও জেলার বিভিন্ন উপজেলার মোট ৭০ জন সাংবাদিক অংশ নেন। প্রশিক্ষণে মাল্টিমিডিয়া সাংবাদিকতা, ফ্যাক্ট চেকিং, এআই-এর ব্যবহার এবং আধুনিক সংবাদ উপস্থাপনার বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।