দৈনিক খুলনা
The news is by your side.

“সরকারি সেবায় প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তির আহ্বান”

26

সাতক্ষীরা :

সরকারি সেবায় প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও সহজ অভিগম্যতা নিশ্চিত করতে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় জোরদারের আহ্বান জানিয়েছেন বক্তারা। পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে রবিবার (২৮ জুন) রাজধানীর বাংলা একাডেমি মিলনায়তনে আয়োজিত দিনব্যাপী এক সম্মিলনে এ আহ্বান জানানো হয়।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ‘এক্সপ্যান্ডিং সিভিক স্পেস থ্রু অ্যাক্টিভ সিএসও পার্টিসিপেশন অ্যান্ড স্ট্রেনদেনড গভর্নেন্স সিস্টেম ইন বাংলাদেশ (ইসিএসএপি)’ প্রকল্পের আওতায় অনুষ্ঠানের আয়োজন করে ক্রিশ্চিয়ান এইড, মানুষের জন্য ফাউন্ডেশন ও আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট।

সম্মিলনে দেশের ১০ জেলার ৩৩টি স্থানীয় নাগরিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। তারা প্রান্তিক নারী, লিঙ্গীয় বৈচিত্র্যের মানুষ, প্রতিবন্ধী ব্যক্তি, আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর অধিকার ও সরকারি সেবা প্রাপ্তির বিভিন্ন বিষয় তুলে ধরেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও সরকারি সেবা নিশ্চিত করতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে কার্যকর সমন্বয়ের বিকল্প নেই। রাষ্ট্র সবসময় প্রান্তিক মানুষের পাশে রয়েছে, তবে সেবার মান ও প্রাপ্যতা আরও সহজ করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক বনশ্রী মিত্র নিয়োগীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এ সময় সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি দিপ্তী পাহান ও শেফালী বৈরাগী তাদের অভিজ্ঞতা, সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

দ্বিতীয় অধিবেশনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. তরিকুল আলম, সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মো. সাজ্জাদুল ইসলাম, চ্যানেল আইয়ের সিনিয়র সম্পাদক মীর মাশরুর জামান এবং ভিক্টিম সাপোর্ট সেন্টারের সহকারী কমিশনার মনোয়ারা আক্তার রিফাত আলোচনায় অংশ নেন। এ সময় লিঙ্গীয় বৈচিত্র্য ও দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিরা তাদের দৈনন্দিন চ্যালেঞ্জ এবং সরকারি সেবা গ্রহণে প্রতিবন্ধকতার বিষয়গুলো তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার বিষয়ক সাংবাদিকতা ফেলোশিপ সম্পন্নকারী স্থানীয় ও জাতীয় পর্যায়ের ১৬ জন সাংবাদিককে সনদ ও স্মারক প্রদান করা হয়। এর মধ্যে বাংলা ট্রিবিউনের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান সরদার এবং দৈনিক গ্রামের কাগজের সোশ্যাল মিডিয়া এডিটর স্বপ্না দেবনাথ বিশেষ সম্মাননা লাভ করেন।

অনুষ্ঠানে প্রান্তিক জনগোষ্ঠীর সংস্কৃতি ও অধিকার বিষয়ক সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন মানুষের জন্য ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শেখ গিয়াস উদ্দিন।

আয়োজকরা জানান, ইসিএসএপি প্রকল্পের মূল লক্ষ্য হলো প্রান্তিক নারী, লিঙ্গীয় বৈচিত্র্যের মানুষ, প্রতিবন্ধী, আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠায় নাগরিক সমাজের অংশগ্রহণ বৃদ্ধি করা এবং সরকারি সেবায় সকলের সমান সুযোগ নিশ্চিত করা।