দৈনিক খুলনা
The news is by your side.

শেওড়াপাড়ায় ইট ছুড়ে মোটরসাইকেল ছিনতাই, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য

29

প্রতিবেদন:
ঢাকা প্রতিনিধি | দৈনিক খুলনা

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলের আরোহীর মাথায় ইট নিক্ষেপ করে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, রাতের বেলায় শেওড়াপাড়ার একটি গলি দিয়ে একটি ‘ইয়ামাহা এফজেড ভার্সন ৩’ মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন এক যুবক। এ সময় আগে থেকে ওত পেতে থাকা দুই দুর্বৃত্তের একজন চলন্ত মোটরসাইকেল আরোহীকে লক্ষ্য করে সজোরে একটি ইট নিক্ষেপ করে। মাথায় আঘাত পেয়ে তিনি মোটরসাইকেলসহ সড়কে পড়ে যান।

এরপর অপর এক দুর্বৃত্ত দ্রুত মোটরসাইকেলটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ভিডিওতে আরও দেখা যায়, ঘটনার পর একজন দুর্বৃত্ত ‘ওপর থেকে ইট পড়েছে’ বলে চিৎকার শুরু করে এবং স্থানীয়দের সহযোগিতায় আহত যুবককে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করার ভান করে। এতে উপস্থিত অনেকেই প্রথমে ঘটনাটিকে দুর্ঘটনা বলে মনে করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ জানান, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। অভিযানের অংশ হিসেবে রাতেই ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক তদন্তের তথ্য তুলে ধরে তিনি বলেন, ঘটনাটি সাধারণ ছিনতাইয়ের চেয়ে পূর্বশত্রুতার জেরে পরিকল্পিত হামলা ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। খুব শিগগিরই অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া মোটরসাইকেলটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। ঘটনাটির তদন্ত অব্যাহত রয়েছে।