দৈনিক খুলনা
The news is by your side.

শার্শায় ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

42

বেনাপোল : 

যশোরের শার্শায় ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া ২৪ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে বেনাপোল-যশোর মহাসড়কের আফিল জুট মিলের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম জালাল উদ্দিন শেখ (৫৫)। তিনি পিরোজপুর জেলার জিয়া নগর থানার চর বারইখালী গ্রামের মৃত কাশেম আলী শেখের ছেলে। বিজিবির একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের পাশে পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করে। তল্লাশিতে তার শরীর থেকে বিশেষ কৌশলে লুকানো ১১৬.৬৫ গ্রাম ওজনের ১ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালাল উদ্দিন স্বীকার করেন যে, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণের বারটি ভারতে পাচার করতে যাচ্ছিলেন।

যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়েছে। নিয়ম অনুযায়ী মামলা দায়ের করে তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে এবং উদ্ধারকৃত স্বর্ণের বারটি যশোর কাস্টমসের ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।