দৈনিক খুলনা
The news is by your side.

লবণচরায় বিশেষ অভিযানে তিন চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার

35

খুলনা : 
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে তিনজন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুর ১টার দিকে লবণচরা থানার একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে থানাধীন রিয়াবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— রাব্বি শেখ (২৩), জিয়াউর রহমান (২৯) এবং নয়ন (২৭)। পুলিশ জানায়, রাব্বি শেখ এলাকায় চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী এবং একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।

কেএমপি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে খুলনাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশ আরও জানায়, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কেএমপি জানিয়েছে, নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।