দৈনিক খুলনা
The news is by your side.

মোরেলগঞ্জে অভিযানে ১০ লাখ নকল ডারবি সিগারেটসহ বিপুল চোরাই মালামাল উদ্ধার

36

বাগেরহাটের মোরেলগঞ্জে যৌথ অভিযানে প্রায় ১০ লাখ শলাকা নকল ডারবি সিগারেটসহ বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ, থানা পুলিশ এবং কাস্টমস বিভাগ।

শনিবার বিকেল ৩টার দিকে মোরেলগঞ্জ পৌরসভার সানকিভাঙ্গা গ্রামে অবস্থিত ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজ সংলগ্ন একটি গোয়ালঘরে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। এ সময় সিগারেট তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জামও উদ্ধার করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম, সহকারী কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন, মোরেলগঞ্জ থানার এসআই উত্তম কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গ্রীন বাংলা টোবাকোর মালিক সোমনাথ দে জানান, গত বছরের আগস্টের পর তার কারখানা থেকে কয়েক কোটি টাকা মূল্যের যন্ত্রপাতি ও সিগারেট উৎপাদনের বিভিন্ন সরঞ্জাম চুরি হয়ে যায়। আদালতের নির্দেশে পরিচালিত অভিযানে সেই চোরাই মালামালের কিছু অংশ উদ্ধার হয়েছে বলে তিনি দাবি করেন।

অন্যদিকে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর স্থানীয় বিক্রয় এজেন্ট মাসুদ করিম টিটু অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে জনপ্রিয় ব্র্যান্ডের নকল সিগারেট উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। অভিযানে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ সিগারেট নকল ডারবি ব্র্যান্ডের বলে তিনি দাবি করেন।

জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া সিগারেটগুলো প্রাথমিকভাবে নকল বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিক বা কোনো কর্মচারীকে পাওয়া যায়নি। কারখানায় তালা ঝুলিয়ে তারা সরে পড়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে চুরি হওয়া কিছু যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।