দৈনিক খুলনা
The news is by your side.

মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত, আটক ১

17

বরিশাল নগরীর সদর রোডে জগন্নাথ মন্দিরসংলগ্ন এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় সজল কুমার চক্রবর্তী নামে এক আইনজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের এক আরোহীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। মোটরসাইকেল চালককে আটকের চেষ্টা করছে পুলিশ।

নিহত সজল কুমার চক্রবর্তী বরিশাল জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য ছিলেন। তিনি নগরীর কাশিপুর এলাকার বাসিন্দা এবং মৃত দক্ষিণারঞ্জন বিশ্বাসের ছেলে।

বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী মোখলেছুর রহমান বাচ্চু জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৬টার দিকে বাসা থেকে হাঁটতে বের হন সজল কুমার। সদর রোডে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি ছিটকে পড়ে যান। এ সময় মোটরসাইকেলের চালক ও আরোহীও আহত হন।

পরে আহত আইনজীবী সজল কুমার ও মোটরসাইকেল চালককে হাসপাতালে নেওয়া হয়। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সজল কুমারকে মৃত ঘোষণা করেন।

 

 

এদিকে, মোটরসাইকেলের আরোহীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় বাসিন্দারা।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মনির জানান, মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী সজল কুমার নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মোটরসাইকেল চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।