দৈনিক খুলনা
The news is by your side.

মোংলায় হুকুমদখল করা কৃষি জমিতে বালু ভরাটের প্রতিবাদে ও ক্ষতিপূরণের দাবীতে জমির মালিকদের মানববন্ধন

৭ দিনের আল্টিমেটাম 

108
মোংলা প্রতিনিধি :মোংলায় হুকুমদখল করা কৃষি জমিতে বালু ভরাটের প্রতিবাদে ও ক্ষতিপূরণের দাবীতে মানববন্ধন এবং বিক্ষোভ প্রদর্শন করেছে ভুক্তভোগী জমির মালিকেরা। শনিবার বেলা ১১টায় উপজেলা চিলা ইউনিয়নের কলাতলা এলাকায় এ কর্মসূচি পালন করেছে চিলা ইউনিয়ন কৃষি জমি রক্ষা সংগ্রাম কমিটি।
মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শনকালে জমির মালিক হুমায়ুন কবির, জালাল হাওলাদার ও আলম গাজী বলেন, ক্ষতিপূরণ ছাড়া মোংলা বন্দর কর্তৃপক্ষ পশুর নদীর ড্রেজিংয়ের বালু দিয়ে ৩২৩ একর কৃষি জমি, চিংড়ি ঘের ও বাস্তুভিটা ধ্বংস করেছে। বাগেরহাট জেলা প্রশাসন ক্ষতিপূরণ ছাড়া আমাদের সাড়ে ৪শ জমির মালিকের কৃষি জমি হুকুমদখল করে বন্দর কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়। এরপর বন্দর কর্তৃপক্ষ হুকুমদখলকৃত এই জমিতে বিগত ৩ বছর ধরে দফায় দফায় বালু ভরাট করে আসছে। এতে আমাদের বাপ-দাদার রেখে যাওয়া কৃষি জমি এবং ভিটামাটি ধ্বংস হয়ে গেছে। আমরা এই জমিতে ধান ও মাছ চাষ করে জীবিকা নির্বাহ করতাম। কিন্তু জমি হুকুমদখলের নামে আমাদের জমি ভরাট করায় আমরা এখন পথে বসে গেছি। আমাদের বিকল্প কোন আয়ের পথও নেই। হুকুমদখলের ক্ষতিপূরণ পেলে আমরা কিছুটা হলেও উপকৃত হবো। আগামী ৭ কার্যদিবসের মধ্যে যদি আমাদের ক্ষতিপূরণ না দেয়া হয় তাহলে আমরা আমরণ অনশন ও স্থানীয় ভূমি অফিস ঘেরাও কর্মসূচি পালন করবো। এছাড়া ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত আমাদের জমিতে আর একফোঁটাও বালু ফেলতে দিবোনা।
বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষ ও জমির মালিকদের সাথে আলাপআলোচনা করে দ্রুততম সময়ে মধ্যে এর সুরাহা করা হবে।