সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী বুধহাটা কাছারী বাড়ি দুর্গামন্দিরে দেবী দুর্গার আবাহনে চলছে এক অভিনব প্রস্তুতি। আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে এবার মাটির কাঠামোর ওপর কয়েক মণ মুগ ডাল বসিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ ও অসুরের অবয়ব। ব্যতিক্রমী ও কারুকার্যময় এ প্রতিমা দেখতে পূজা শুরু হওয়ার আগেই মণ্ডপে ভিড় জমাচ্ছেন দূর-দূরান্তের উৎসুক দর্শনার্থীরা।
মন্দিরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভাস্কর কপিল মুনি প্রহ্লাদ বিশ্বাসের নিপুণ ছোঁয়ায় ফুটে উঠছে প্রতিমার শৈল্পিক রূপ। বাঁশ, খড় ও মাটির ওপর আঠার সাহায্যে একটি করে মুগ ডাল বসিয়ে সোনালি সুবিন্যস্ত নকশায় সাজিয়ে তোলা হচ্ছে পুরো অবয়ব।
প্রতিমাশিল্পী কপিল মুনি প্রহ্লাদ বিশ্বাস জানান, কাজটি অত্যন্ত নিখুঁত, ধৈর্য ও সময়সাপেক্ষ। রাত-দিন পরিশ্রম করে প্রতিমার মূল অবয়ব ফুটিয়ে তোলার কাজ চলছে।
বুধহাটা কাছারী বাড়ি দুর্গামন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দেবাশীষ কর্মকার বলেন, “প্রতিবছরই আমাদের মণ্ডপে দর্শনার্থীদের জন্য নতুনত্ব আনার চেষ্টা থাকে। সাতক্ষীরার স্থানীয় কৃষিজীবনের অন্যতম প্রধান উপাদান মুগ ডাল। এবার সেই ডালকেই দুর্গোৎসবের ঐতিহ্যের সঙ্গে যুক্ত করে ভিন্নমাত্রার এক রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
উৎসবের দিন ঘনিয়ে আসার আগেই এই নান্দনিক শিল্পকর্ম দেখতে স্থানীয়দের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকেও প্রচুর মানুষ মন্দিরে ভিড় করছেন বলে জানান আয়োজকরা।