দৈনিক খুলনা
The news is by your side.

ভৈরব নদে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার

6

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ফেরির ধাক্কায় ট্রলার ডুবে নিখোঁজ হওয়ার সাত দিন পর রাকিব খানের (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে বটিয়াঘাটা উপজেলার কাজীবাছা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাকিব খান রূপসা উপজেলার সেনের বাজার এলাকার মৃত বাকের হোসেন ও রোকসানা বেগমের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় বটিয়াঘাটা উপজেলার কাতিয়ানাংলা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত কাজীবাছা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে রূপসা নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

রূপসা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবুল খায়ের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাই। মরদেহটি কয়েক দিন আগের বলে ধারণা করা হচ্ছিল। নিখোঁজ রাকিবের পরিবারের দেওয়া বর্ণনার সঙ্গে মরদেহটির মিল থাকায় প্রাথমিকভাবে সেটি রাকিবের বলে ধারণা করা হয়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে ভৈরব নদের মাঝনদীতে ট্রলারডুবির ঘটনাটি ঘটে। ওই সময় ২৫ থেকে ৩০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার খুলনা জেলখানা ঘাট থেকে সেনের বাজারের উদ্দেশে রওনা হয়। ট্রলারটি মাঝনদীতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ফেরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় ফেরির চালক দ্রুত ইঞ্জিন বন্ধ করে দিলেও ফেরির ধাক্কায় ট্রলারটি পানিতে তলিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, রূপসা নৌ-পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। সাত দিন পর কাজীবাছা নদী থেকে রাকিবের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে নিখোঁজদের মধ্যে তার সন্ধান পাওয়া গেল।