দৈনিক খুলনা
The news is by your side.

বেনাপোলে সমবায় সমিতির ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ম্যানেজারের বিরুদ্ধে মামলা

14

বেনাপোল :
যশোরের বেনাপোলে ‘নবজাগরণ সঞ্চয় ঋণদান সমবায় সমিতি’র প্রায় ২৬ লাখ ৭৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির ম্যানেজার কামাল হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে যশোর আদালতে মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্ত কামাল হোসেন কেশবপুর উপজেলার খোপদহি গ্রামের ভান্ডারখোলা এলাকার মফিজ উদ্দিনের ছেলে। গত ১ জুন সমিতির ক্যাশিয়ার সুমন হোসেন বাদী হয়ে যশোর আদালতে দণ্ডবিধির ৪০৮, ৪২০ ও ৫০৬ ধারায় মামলাটি দায়ের করেন।

সমিতির সদস্য ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেনাপোল কাস্টমসের সামনে গাজীপুর এলাকায় প্রতিষ্ঠিত ‘নবজাগরণ সঞ্চয় ঋণদান সমবায় সমিতি’ দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে আমানত সংগ্রহ ও ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে সমিতির সদস্য সংখ্যা দুই শতাধিক।

অভিযোগ রয়েছে, সমিতির ম্যানেজার কামাল হোসেন প্রতিষ্ঠানটির প্রায় ২৬ লাখ ৭৪ হাজার টাকা নিয়ে পাঁচ মাস আগে কর্মস্থল ত্যাগ করেন। এরপর থেকে তিনি নিজ এলাকায় অবস্থান করছেন। সমিতির পক্ষ থেকে একাধিকবার তাকে অফিসে ফিরে এসে হিসাব-নিকাশ বুঝিয়ে দিতে এবং দায়িত্ব গ্রহণের আহ্বান জানানো হলেও তিনি নানা অজুহাতে সময়ক্ষেপণ করছেন বলে অভিযোগ করা হয়েছে।

এদিকে সমিতির গ্রাহকরা তাদের জমাকৃত অর্থ ফেরত চাইলে পরিচালনা কমিটি চাপে পড়েছে। সমিতির কর্মকর্তাদের দাবি, প্রতিষ্ঠানের হিসাব-নিকাশ ও আর্থিক নথিপত্র ম্যানেজারের কাছেই থাকায় তারা কার্যকর পদক্ষেপ নিতে পারছেন না।

নবজাগরণ সঞ্চয় ঋণদান সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন বলেন, “কামাল হোসেন প্রায় এক যুগ ধরে সমিতির ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমরা তাকে সর্বোচ্চ সহযোগিতা করেছি। কিন্তু তিনি সমিতির অর্থ নিয়ে আত্মগোপনে রয়েছেন। বিষয়টি নিয়ে আদালতে মামলা করা হয়েছে।”

তবে অভিযোগ অস্বীকার করেছেন কামাল হোসেন। মুঠোফোনে তিনি বলেন, “সমিতির সব হিসাব-নিকাশ পরিচালনা কমিটির কাছে বুঝিয়ে দিয়েছি। আমার কাছে সমিতির কোনো টাকা বা নথিপত্র নেই। ঋণগ্রহীতারা নিয়মিত কিস্তি পরিশোধ না করায় এবং গ্রাহকদের সঙ্গে মতবিরোধের কারণে আমি চাকরি ছেড়ে দিয়েছি।”

মামলার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে।