দৈনিক খুলনা
The news is by your side.

বেনাপোলে নাজিম উদ্দিনের অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি

39

বেনাপোল :

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে যশোরের শার্শা উপজেলার বেনাপোলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বেনাপোল পৌর বিএনপি। পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিনের নিজস্ব অর্থায়নে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পৌরসভার বিভিন্ন এলাকায় প্রায় ৫ হাজার ফলজ, ঔষধি ও দৃষ্টিনন্দন গাছের চারা রোপণ করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বেনাপোলের কাগজপুকুর এলাকার পৌর গেটসংলগ্ন স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পৌরসভার সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে এ সময় বেশ কিছু দৃষ্টিনন্দন ও রঙিন গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ শেষে বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো এবং অর্থনৈতিক উন্নয়নে গাছের গুরুত্ব রয়েছে। তাই দেশের প্রতিটি এলাকায় বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন।

তিনি বলেন, সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির ধারাবাহিকতায় বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ডে মাসব্যাপী কয়েক হাজার ফলজ, ঔষধি ও দৃষ্টিনন্দন গাছের চারা রোপণ করা হয়েছে। এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি। দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির কথা সরকারি ও সংবাদমাধ্যমের প্রতিবেদনেও এসেছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মিলন, সহ-সভাপতি ইদ্রিস মালেক, যুগ্ম সম্পাদক মেহেরুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দীপু, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচির আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বেনাপোল পৌরসভার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে।