দৈনিক খুলনা
The news is by your side.

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে রকিবুল ইসলাম বকুলের শোক

কর্মসূচি স্থগিত

30

বাংলাদেশের রাজনীতির আকাশে আজ এক গভীর অন্ধকার নেমে এসেছে। একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটেছে, বিদায় নিয়েছেন গণতন্ত্রের অবিচল প্রহরী, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই মহাবিয়োগে জাতির সঙ্গে একাত্ম হয়ে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।

দেশের এই শোকাবহ মুহূর্তে গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি ঘোষণা করেছেন, আগামী ১ জানুয়ারি পর্যন্ত খুলনা-৩ সংসদীয় আসনে তাঁর পূর্বনির্ধারিত সকল কর্মসূচি স্থগিত থাকবে।

এক শোকবার্তায় রকিবুল ইসলাম বকুল বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। তাঁর প্রস্থান রাজনীতির অঙ্গনে এমন এক শূন্যতা সৃষ্টি করেছে, যা কোনো দিন পূরণ হওয়ার নয়। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতিটি আন্দোলনে তাঁর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

তিনি আরও বলেন, এই শোকের মুহূর্তে আমরা সবাই স্তব্ধ ও মুহ্যমান। প্রিয় নেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার নির্বাচনী এলাকার সকল কর্মসূচি আগামী ১ জানুয়ারি পর্যন্ত স্থগিত ঘোষণা করছি।

শোকবার্তায় তিনি গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক ভূমিকা-শিক্ষা বিস্তার, নারী উন্নয়ন ও জাতীয় অগ্রগতিতে তাঁর অবদান জাতির স্মৃতিতে চিরভাস্বর হয়ে থাকবে।

তিনি দেশনেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।

উল্লেখ্য, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬টায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে তাঁর স্বামী, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

রকিবুল ইসলাম বকুল বলেন, খালেদা জিয়া কেবল একটি দলের নেত্রী নন; তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর আপসহীন নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রাম এ দেশের রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে। যে আদর্শ ও পথ তিনি দেখিয়ে গেছেন, সেই পথ ধরেই বিএনপি আগামীর বাংলাদেশ গড়ে তুলবে। দেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান জাতি আজীবন শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করবে।