দৈনিক খুলনা
The news is by your side.

ফুলতলায় ৫ দিনব্যাপী বার্ষিক বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু

66

খুলনা মহানগর বিএনপি’র সভাপতি ও কেডিএ’র চেয়ারম্যান এ্যাড. শফিকুল আলম মনা বলেছেন, মেলা কেবল কেনাকাটার জায়গা নয়; মেলা বাঙালির চিরায়ত সংস্কৃতির অংশ এবং আমাদের সুস্থ বিনোদনের অন্যতম প্রধান উৎস।

তবে আমাদের মনে রাখতে হবে, এই আনন্দ-উৎসব যেন কোনোক্রমেই তার মূল পথ থেকে বিচ্যুত না হয়। এই মেলা যেন কোনোক্রমেই জুয়া বা মাদকের আস্তানা হিসেবে গড়ে না ওঠে এ বিষয়ে আয়োজক কমিটিসহ উপস্থিত সকলকে সর্বোচ্চ সতর্ক ও সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশ থেকে মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজি সহ সকল ধরনের সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে অত্যন্ত কঠোর অবস্থান নিয়ে কাজ করে চলেছে। তারই ধারাবাহিকতায়, দেশের সার্বজনীন সমৃদ্ধির লক্ষ্যে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ও সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য ইতিমধ্যে ‘ফ্যামিলি কার্ড’ এর কার্যক্রম ও বিতরণ শুরু হয়েছে।

এর মাধ্যমে দেশের প্রান্তিক ও অসহায় পরিবারগুলো সরাসরি উপকৃত হবে। অদূর ভবিষ্যতে দেশের সাধারণ মানুষ এই ফ্যামিলি কার্ডের সুফল পুরোপুরি পেতে শুরু করবে এবং এর ইতিবাচক প্রভাব আমাদের সমাজ ও অর্থনীতিতে দৃশ্যমান হবে। ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির উদ্যোগে গতকাল সোমবার বিকেল ৩টায় ফুলতলা সুপার ফিলিং স্টেশনের পশ্চিম পাশে বালুর মাঠে ৫ দিনব্যাপী বার্ষিক বাণিজ্য মেলা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হোসেন পারভেজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, ফুলতলা উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ আবুল বাশার, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, খানজাহান আলী থানা বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমান, খুলনা জেলা বিএনপির সদস্য ওয়াহিদ হালীম ইমরান, উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিঃ মনির হাসান টিটো, অভয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, ফুলতলা উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সরদার সেলিম হোসেন এবং সিদ্ধিপাশা ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম প্রমুখ। এই মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী ৫ দিন ধরে প্রতিদিন বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে চলবে।

স্থানীয়দের মাঝে আনন্দ ও উদ্দীপনা সৃষ্টি করতে এই বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির নেতৃবৃন্দ।