দৈনিক খুলনা
The news is by your side.

পুরো বাংলাদেশই এখন আমার পরিবার: তারেক রহমান

55

নিকটজন হারানোর গভীর বেদনা পেরিয়ে পুরো দেশই নিজের পরিবার হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অনুভূতির কথা তুলে ধরেন।

পোস্টে তারেক রহমান লেখেন, গভীর শোক ও কৃতজ্ঞতার আবেশে তিনি তার প্রিয় মা, জীবনের প্রথম শিক্ষক এবং তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছেন। মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করা কঠিন হলেও এই দুঃসময়ে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি তাকে একাকিত্বে ভুগতে দেয়নি বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, অগণিত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর ভালোবাসা এবং শ্রদ্ধায় তিনি আবেগাপ্লুত। লাখো মানুষের সম্মিলিত উপস্থিতি, সম্মান ও ভালোবাসা তাকে আবারও মনে করিয়ে দিয়েছে—খালেদা জিয়া শুধু তার ব্যক্তিগত মা ছিলেন না, অনেক দিক থেকেই তিনি ছিলেন পুরো জাতির মা।

কূটনীতিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান লেখেন, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি, আন্তর্জাতিক কূটনীতিক ও উন্নয়ন সহযোগীরা সশরীরে উপস্থিত থেকে শ্রদ্ধা জানিয়েছেন। পাশাপাশি যেসব দেশ সমবেদনা প্রকাশ করেছে, তাদের প্রতিও তিনি আন্তরিক ধন্যবাদ জানান। এই সহমর্মিতা তার হৃদয় গভীরভাবে স্পর্শ করেছে বলেও উল্লেখ করেন তিনি।

শোকের এই সময়ে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ভাই আরাফাত রহমান কোকোকে স্মরণ করে তিনি বলেন, এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তার মনে হচ্ছে, নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই এখন তার পরিবার।

সারাজীবন মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করা খালেদা জিয়ার দায়িত্ব ও উত্তরাধিকার তিনি গভীরভাবে অনুভব করছেন জানিয়ে তারেক রহমান বলেন, যেখানে তার মায়ের পথচলা থেমে গেছে, সেখানে তিনি একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে সেই পথ এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। যাদের ভালোবাসা ও বিশ্বাস খালেদা জিয়াকে শেষ নিঃশ্বাস পর্যন্ত শক্তি ও প্রেরণা জুগিয়েছে, সেই মানুষদের জন্যই এই অঙ্গীকার বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়া যে অসীম ভালোবাসা, ত্যাগ ও উদারতার দৃষ্টান্ত রেখে গেছেন, সেখান থেকেই সবাই শক্তি, ঐক্য ও দেশপ্রেমের প্রেরণা খুঁজে পায়।