দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছায় বদ্ধ বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

13

খুলনা :

খুলনার পাইকগাছায় বদ্ধ বেতাঙ্গী নদী থেকে বিরিঞ্চি পদ মণ্ডল (১০৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) ভোরে উপজেলার লতা ইউনিয়নের বাহিরবুনিয়া এলাকায় মুনসুর সরদারের বাড়ির সামনে বদ্ধ বেতাঙ্গী নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত বিরিঞ্চি পদ মণ্ডল উপজেলার পুতলাখালী গ্রামের মৃত মহেন্দ্র কুমার মণ্ডলের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিরিঞ্চি পদ মণ্ডল মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। রোববার রাত প্রায় ৯টার দিকে তিনি কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি বলে পরিবারের সদস্যরা জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে। মরদেহ উদ্ধারের ঘটনায় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।