দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল

27

পাইকগাছা (খুলনা)  :
পাইকগাছায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো মঙ্গলবার (২৩ জুন) দিনব্যাপী পৃথক কর্মসূচি পালন করেছে।

কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে দুপুর ও বিকেলে দুই দফায় বিক্ষোভ মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল ও শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাজার চৌরাস্তা মোড়ে সমাবেশে মিলিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এস এম ইমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এদিকে উপজেলা যুবদলের আহ্বায়ক তহিদুজ্জামান মুকুলের সভাপতিত্বে এবং পৌর যুবদলের সদস্য সচিব আনারুল ইসলামের সঞ্চালনায় পৃথক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর ইমরান সরদার। সমাবেশে যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

অপরদিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ও বিএনপি নেতা কাজী সাজ্জাদ আহমেদ মানিকের সভাপতিত্বে এবং সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোল্লা ইউনুস আলীর সঞ্চালনায় আরেকটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্বেচ্ছাসেবক দল ও বিএনপির নেতারা বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগের কর্মকাণ্ডের সমালোচনা করে গণতন্ত্র, শান্তি ও রাজনৈতিক সহনশীলতা প্রতিষ্ঠার আহ্বান জানান। তারা রাজনৈতিক সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।