দৈনিক খুলনা
The news is by your side.

পরীক্ষার আগে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

25

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শরিফা ইসলাম (২০) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। পরীক্ষার প্রস্তুতি নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করে মা-বাবার উদ্দেশে লেখা একটি চিরকুট তার পড়ার টেবিল থেকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার উনিশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

শরিফা ওই গ্রামের নুরুল ইসলামের মেয়ে এবং কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।

পরিবারের সদস্যরা জানান, সকালে শরিফাকে বাড়ির পেছনে অচেতন অবস্থায় দেখতে পেয়ে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শরিফার বোন মাহমুদা খানম বলেন, শরিফা মেধাবী ছাত্রী ছিলেন। আগামী ২৮ সেপ্টেম্বর তার অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। পরীক্ষার প্রস্তুতি নিয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে, শরিফার পড়ার টেবিল থেকে মা-বাবার উদ্দেশে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এতে পরীক্ষার প্রস্তুতি শেষ না হওয়া, ফলাফল নিয়ে দুশ্চিন্তা এবং পরিবারের কাছে ক্ষমা চাওয়ার কথা উল্লেখ রয়েছে। চিরকুটটি তারই লেখা কি না, সেটিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের বিষয়।

কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ও তদন্তের পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।