দৈনিক খুলনা
The news is by your side.

“জুলাইয়ের স্মৃতিতে সাতক্ষীরায় মাসব্যাপী কর্মসূচি”

26

সাতক্ষীরা :
রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহীদদের আত্মত্যাগকে সম্মান জানানো এবং নতুন প্রজন্মের কাছে সেই ইতিহাস তুলে ধরতে মাসব্যাপী নানা কর্মসূচির ঘোষণা দিয়েছে সাতক্ষীরা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচির অংশ হিসেবে প্রস্তুত করা হয়েছে একটি বিশেষ ‘জুলাই ক্যালেন্ডার’, যা আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং স্থানীয় বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গের হাতে তুলে দেওয়া হয়েছে।

বুধবার (২ জুলাই) সাতক্ষীরায় আয়োজিত এক অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তি এবং শহীদ পরিবারের সদস্যরা যৌথভাবে এই বিশেষ ক্যালেন্ডার হস্তান্তর করেন। এ সময় জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণ এবং শহীদদের আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, জুলাই মাসজুড়ে আলোচনা সভা, দোয়া মাহফিল, স্মৃতিচারণ, আলোকচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারকে সম্মাননা প্রদান এবং বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে গণঅভ্যুত্থানের ইতিহাস ও আত্মত্যাগের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসাইন, মুখ্য সংগঠক আল শাহরিয়ার এবং মুখপাত্র মোহিনী পারভীন। এছাড়াও সংগঠনের অন্যান্য নেতাকর্মী, জুলাই আন্দোলনে আহত ব্যক্তিবর্গ ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানানো অত্যন্ত জরুরি।

তারা আরও বলেন, ‘জুলাই ক্যালেন্ডার’ শুধু একটি তারিখপঞ্জি নয়; এটি গণঅভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের একটি স্মারক দলিল। মাসব্যাপী কর্মসূচির মাধ্যমে সেই ইতিহাসকে মানুষের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরা হবে।